নাইজেরিয়ায় ক্রিপ্টো-রোমান্স কেলেঙ্কারিতে প্রায় ৮০০ জন গ্রেপ্তার

১৭ ডিসেম্বর, ২০২৪ ১২:১৭  

নাইজেরিয়ার দুর্নীতি দমন সংস্থা এক অভিযানে ৭৯২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তারা একটি বহুতল ভবন থেকে প্রতারণার মাধ্যমে ভুয়া ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ এবং প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করছিল। খবর রয়টার্স।

ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইমস কমিশনের (ইএফসিসি) মুখপাত্র উইলসন উউজারেন জানান, ১০ ডিসেম্বর লাগোসের বাণিজ্যিক এলাকায় অবস্থিত সাততলা বিশিষ্ট 'বিগ লিফ বিল্ডিং’-এ এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪৮ জন চীনা ও ৪০ জন ফিলিপিনো নাগরিক রয়েছেন।

উউজারেন জানান, বিলাসবহুল এই ভবনটি মূলত একটি কল সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখানে কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করত। প্রেমের প্রস্তাব দিয়ে অথবা লোভনীয় বিনিয়োগের সুযোগ দেখিয়ে তারা প্রতারণা চালাত।

একবার কোনো ব্যক্তি এই ফাঁদে পড়লে, তাদের কাছ থেকে ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্রকল্প ও অন্যান্য মিথ্যা বিনিয়োগে অর্থ স্থানান্তরের জন্য চাপ দেয়া হতো।

“বিদেশি মূলহোতারা নাইজেরিয়ান সহযোগীদের মাধ্যমে অনলাইনে ফিশিংয়ের মাধ্যমে ভুক্তভোগীদের টার্গেট করত। মূলত আমেরিকা, কানাডা, মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা তাদের প্রধান শিকার ছিল”, বলেন উউজারেন।

তিনি আরও জানান, “একবার নাইজেরিয়ানরা ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করলে, বিদেশিরা পরবর্তী ধাপের প্রতারণার কাজ সম্পন্ন করত”।

অভিযানে ইএফসিসি সদস্যরা কম্পিউটার, মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গাড়ি জব্দ করেছে। আন্তর্জাতিক সহযোগীদের সাথে যৌথভাবে কাজ করে তারা কেলেঙ্কারির সঙ্গে সংঘবদ্ধ অপরাধের যোগসূত্র তদন্ত করছে।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ সম্পর্কিত প্রতারণা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ডিবিটেক/বিএমটি